শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় স্বীকৃত রাজাকার ও যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। গত শনিবার রাতে রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা এই ছবি আঁকেন। তবে রবিবার সকালে প্রশাসনের নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়।
জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক প্রথম আলোকে জানান, ১৪ ডিসেম্বর স্মরণে ডাকসুর কোনো অনুষ্ঠান না হওয়ায় হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।
সুদীপ্ত প্রামাণিক বলেন, “কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন জানিয়েছে, তাদের ওপর থেকে নির্দেশ এসেছে।”
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে।
প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
